ভবনের অগ্নিঝুঁকি হ্রাসে স্থপতি ইনস্টিটিউটের হেল্প ডেস্ক

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৩:৫৮

যেকোনো ভবনের অগ্নিঝুঁকি হ্রাসে এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সংযোজনে কারিগরি পরামর্শ দিতে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে বাস্থই হেল্প ডেস্কের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

রবিবার (১৭ মার্চ) বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি রাজধানীর বেইলি রোডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর স্থাপনার অগ্নিনিরাপত্তার বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। রাজউকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও বিভিন্ন ভবনে অভিযান চালাচ্ছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকলে সিলগালা করে দেওয়া হচ্ছে অনেক বাণিজ্যিক ভবন। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানা পুলিশের অভিযানে ভবন সিলগালা করে দেওয়া এই সমস্যার সমাধান নয়। এখানে স্থপতি, প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও অন্যান্য বিশেষজ্ঞদের সমন্বয়ে টাস্কফোর্স প্রয়োজন, যারা বিষয়গুলো পর্যালোচনা করবেন। কিছু কিছু ক্ষেত্রে যেকোনো ভবনের অকুপেন্সি-টাইপ এবং বর্তমান ব্যবহার পর্যালোচনা করে শর্তসাপেক্ষে উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা সংযোজন করার উদ্যোগ নিতে হবে, যেন ভবনটি নিরাপদ ভবন হিসেবে ব্যবহার করা যায়।

স্থপতি ইনস্টিটিউটে একদল বিশেষজ্ঞ স্থপতিকে নিয়ে এই হেল্প ডেস্ক গঠন করা হয়েছে। হেল্প ডেস্ক থেকে ভবনমালিকরা তাদের ভবনকে সুরক্ষিত করার ব্যাপারে পরামর্শ পাবেন।

 

ইত্তেফাক/এসটিএম