বিসিবির নবম বোর্ড মিটিংয়ের পরে টাইগার বাহিনীর তিন ফরম্যাটের নেতা হিসেবে পরিচয় হয় নাজমুল হোসেন শান্তর। এর পরেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পরীক্ষায় বসেছেন তিনি। সিলেটের লাক্কাতুরায় টি-টোয়েন্টি সিরিজে ফেল করলেও আরেকটি সুযোগ সামনে এসেছে তার। এবার চট্টগ্রামের সাগরিকায় ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ। তবে পা ফসকালেই মহাবিপদ। ব্যাক টু ব্যাক সিরিজ হারের তকমা জেঁকে বসবে কাঁধে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ১০টা থেকে। দিনের বেলায় ম্যাচ হওয়ায় টস তেমন গুরুত্বপূর্ণ হবে না। তবে স্পোর্টিং উইকেটে ব্যাট ও বল হাতে যারা এগিয়ে থাকবে তারাই জয়ের দিকে এগিয়ে যাবে।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়ানোর আগে তুমুল ঝোড়ো হাওয়া বয়ে গেছে টাইগার শিবিরে। পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে স্কোয়াড থেকে কাটা পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। তার বদলে দলে যোগ দিয়েছেন জাকের আলি অনিক। তবে তিনি একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়। সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে দেখা যেতে পারে এনামুল হক বিজয় কিংবা তানজিদ হাসান তামিমকে। এরপর নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হূদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ থাকায় একাদশে জায়গা পাওয়াটা কঠিন জাকেরের জন্য।
এর মধ্য থেকে কাউকে বসিয়ে তাকে জায়গা দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সিরিজ জয়ের জন্য অবশ্যই বাংলাদেশ সেরা একাদশ নিয়ে মাঠে নামবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। যদিও তানজিম হাসান সাকিবের চোটে ছিটকে পড়ার ঘটনায় কিছুটা অস্বস্তিতে রয়েছে টাইগার বাহিনী। অন্যদিকে লঙ্কান শিবিরেও চোটের খবর রয়েছে। দলটির নির্ভরযোগ্য পেসার দিলশান মাদুশঙ্কা হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে গেছেন। এছাড়া এই ম্যাচে জয়ের জন্য দুই দলের সামনেই সমান সুযোগ রয়েছে বলে জানিয়েছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ। ফলে ম্যাচটিতে কী হতে চলেছে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।
এ দিকে ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় থাকলেও বেশ ভালো অবস্থানে রয়েছে টাইগার বাহিনী। ব্যাট ও বল হাতে ক্রিকেটাররা ছেড়ে কথা বলবেন না—এটি গত কয়েক দিনের অনুশীলনেই টের পাওয়া গেছে। তবে ক্রিকেটকে চরম গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, এখানে ইনিংসের শেষ বলের আগে কিছুই হলফ করে বলা কঠিন। এসব তত্ত্বকথার বাইরে দেশের কোটি কোটি ভক্তের চোখ থাকবে আজকের ম্যাচের দিকে। পূর্ণকালীন অধিনায়ক হওয়ার পরে প্রথম সিরিজটি কি জিতবেন শান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাঠে লাল-সবুজের প্রতিনিধিরা।
