ইত্তেফাক রিপোর্ট
নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি সংস্থা তরঙ্গের সাথে যৌথভাবে ‘আন্তর্জাতিক নারী অধিকার প্রতিরক্ষা দিবস’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। গত শনিবার তরঙ্গের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সহিংসতামুক্ত পরিবার, সমাজ ও শহর’ এ প্রতিপাদ্যের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে সৌদিয়া আনোয়ার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ফারহানা শারমিন, ১৩০ জন কর্মজীবী মা ও কিশোরীকে নিয়ে সেশন পরিচালনা করেন। অ্যালামনাই সেশনের আগে ‘হিয়ার মি টু’ শীর্ষক বক্তব্য রাখেন তৌহিদুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ‘নারীর বিরুদ্ধে সহিংসতা এখন বর্তমান বিশ্বে সর্বব্যাপী, চলমান এবং সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। তারা নির্বাক এবং নীরবে সব সহ্য করে যাচ্ছে। আমি তাদের সামনে এগিয়ে আসতে ও এ বিষয় নিয়ে কথা বলতে অনুরোধ জানাচ্ছি যাতে গোটা বিশ্ব হয়রানিকারী ওইসব অপরাধীর নিকৃষ্টতা সম্পর্কে জানতে পারে।’ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পাঁচ, যেখানে লৈঙ্গিক সমতার ওপরে গুরুত্বারোপ করা হয়েছে তার অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার প্রায় দেড়শ নারী ও কিশোরী অংশগ্রহণ করে।
