রাজধানীর আফতাব নগর এলাকায় সি ব্লক এবং কে ব্লকের নকশা বহির্ভূতভাবে কয়েকটি ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়।
সোমবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, আফতাবনগর এলাকায় সি ব্লক এবং কে ব্লকের রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিকভাবে দুইটি ভবনে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যতয় পাওয়া গেছে। এগুলোর কাজ বন্ধ করে দেয়া হয়েছে। নেয়া হয় মুচলেকাও।
মো: কামরুজ্জামান আরো বলেন, যে সকল ভবন মালিকরা রাস্তায় মালামাল রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেক্ষেত্রে তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন ৪/১ এর অথরাইজড অফিসার মো: হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার এজাজ আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রাকিব ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শ ইমরান হোসেনসহ রাজউকের কর্মকর্তারা।
