লিটন একজন জাত খেলোয়াড়: সুজন

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৮:৩১

সময়টা ভালো যাচ্ছে না টাইগার ওপেনার লিটন দাসের। যদি আরো ব্যাখ্যা করতে হলে বলতে হবে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছে এই উইকেটরক্ষক ওপেনার ব্যাটার। গেল বছর ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে সর্বশেষ পেয়েছিল অর্ধশত রানের ইনিংসের দেখা। এরপর সর্বশেষ ১০ ম্যাচে নেই কোনো ফিফটি। এর মধ্যে সর্বশেষ ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও হয়েছেন ব্যর্থ। প্রথম দুই ম্যাচেই ফিরেছেন রানের খাতা খোলার আগেই। তাতে জাতীয় দলে হারিয়েছেন নিজের জায়গা। আর বাদ পড়েই যোগ দিয়েছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগে। এখানে এসেও ব্যর্থতার বৃত্তে আটকা তিনি।

গতকাল সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে লিটন দাসের দল আবাহানী লিমিটেড। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের আবাহানীর তৃতীয় ব্যাটার হিসেবে নেমে ১৯ বলে ৫ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে, যদিও শেষ অবদি জিতেছে তার দল। তবুও ম্যাচ শেষে আবাহানীর কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে জানতে চাওয়া হয় লিটনের বর্তমান পরিস্থির সম্পর্কে। 

ব্যাট হাতে খারাপ সময়ের মধ্যে খানিকটা নার্ভাস কি না, জবাবে কোচ বলেন, ‘নার্ভাস থাকার প্রশ্নই আসে না। আমার মনে হয়, ও একটু ক্লান্ত আছে। হঠাৎ করে কালকে (গত শনিবার) এসেছে কালকেই জানতে পেরেছে যে ওর খেলতে হবে। মানসিক ভাবেও অতটা প্রস্তুত ছিল না। ব্যাটিংও আজকে (গতকাল) ওকে তিনে করিয়েছি আমি। কারণ আমাদের ওপেনাররা ভালো করছিল। তাই ওকে তিনে করিয়েছি। তবে আমি মনে করি, আজকে একটু ক্লান্ত ছিল, ম্যাচের শেষ দিকেও খানিকক্ষণ কিপিং করেনি ক্লান্ত ছিল বলে। কিন্তু আমি মনে করি ও ঠিক আছে। হয়তো মানসিকভাবে খানিকটা আপসেট রয়েছেন, কারণ ও রান করতে পারেনি। হতোবা আমি জানি না। কারণ এ নিয়ে ওর সঙ্গে আমার কথা হয়নি।’

‘আমি আমার থেকে বলছি, আমি ওকে খুব ছোটো বেলা থেকে চিনি। অনূর্ধ্ব ১৩-তে প্রথম ওকে পেয়েছিলাম। তারপর থেকে ওর ব্যাপারে যা জানি স্বাভাবিক পারফর্ম না করলে মন খারাপ থাকে, একটু চাপ থাকে। তবে আমার মনে হয় না, এখানে ওর জন্য কোনো চাপ ছিল’ তিনি আরও যোগ করেন।

জাতীয় দলে ওপেনিংয়ে ব্যর্থ হওয়াতেই লিটনকে তিন নম্বরে খেলানো হয়েছে কি না, জবাবে সুজন বলেন, ‘না এমনটি নয়। আমাদের সাব্বির আর নাঈম ভালো করছে। আর লিটন যেহেতু আমার এই ম্যাচটাই খেলবে, কালকে চলে যাবে। তাই আমি আমার ওপেনিং জুটি পরিবর্তন করতে চাইনি। লিটন টেস্ট সিরিজের জন্য চলে যাবে। এরপর ওকে আমি পাব না লম্বা সময়ের জন্য, তাই আমি ওপেনিংয়ে পরিবর্তন আনিনি।’ 

এসময় লিটন দ্রুতই ফর্মে ফিরবে জানিয়ে সুজন বলেন, ‘লিটন একজন জাত খেলোয়াড়। আমি ওর ব্যাটিং দেখতে দারুন পছন্দ করি। ও যখন ছন্দে থাকে ও সেরাদের মধ্যে অন্যতম খেলোয়াড়। খারাপ সময় যায়। তবে ওর মনোযোগ দিতে হবে ওর বেসিকে। মাথা ঠান্ডা করতে হবে। অনেক সময় মাথায় প্রেসার চলে আসে....আপনি যখন রান করবেন না। তবে আমি মনে করি, ও এমন খেলোয়াড় যে, এমন পরিস্থিতি থেকে ফিরে আসতে পারবে। একটা ইনিংস লাগবে, একটা পাওয়ার ইনিংস খেললে ও ফর্মে ফিরে আসবে।’

ইত্তেফাক/জেডএইচ