প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা

বিপিএলে গতির ঝড় তুলে টাইগার স্কোয়াডে নাহিদ রানা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:৫৩

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে বল হাতে উইকেটে গতির ঝড় তুলেছিলেন তরুণ পেসার নাহিদ রানা। প্রতিপক্ষ দলের ব্যাটারদের পরাস্ত করতে তিনি প্রায় প্রতিটি বলিই ছুড়তেন ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে। এই আসরে তার সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ১৪৯.৭ কিলোমিটার।

আর এমন গতির প্রদর্শনের পর জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে বেশিদিন অপেক্ষা করতে হলো না তাকে। সিলেটে অনুষ্ঠিত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের টাইগার স্কোয়াডে জায়গা পেয়েছেন রানা। এছাড়া এই স্কোয়াডে ফিরেছেন আরেক তরুণ পেসার মুশফিক হাসানও। আর এই দুই তরুণ গতি তারকাকেই সাদা পোশাকে এই ম্যাচে অভিষেক হতে দেখা যেতে পারে।

আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ এই সিরিজ। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই স্কোয়াডে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ব্যক্তিগত কারণে ছুটিতে থাকা লিটন কুমার দাসও ফিরেছেন দলে। এসময় আগের সব শেষ সিরিজে থাকা ৩ ক্রিকেটার বাদ পড়েছেন এই সিরিজে। তারা হলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হোসেন সোহান, হাসান মাহমুদ, হাসান মুরাদ। এছাড়া দলে আর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। স্পিন আক্রমণে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গী দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। টেস্ট দলের অন্য নিয়মিতরা আছেন যথারীতি।

প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণার প্রসঙ্গে এক ভিডিও বার্তায় জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে খুব বেশি চমক সেখানে নেই। চমক বলতে শুধু নাহিদ রানাই আছে। নাহিদ রানাকে নেওয়া হয়েছে এটা দেখে যে ওর বলে যথেষ্ট পেস এবং বাউন্স আছে। ওর ফাস্ট ক্লাসের স্ট্যাস্টসও যথেষ্ট ইমপ্রেসিভ এবং সে কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে গতি সম্পন্ন ফাস্ট বোলার। এই কারণেই তাকে নেওয়া হয়েছে।’

এ সময় রানা ও মুশফিকের প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘যেহেতু আমাদের এবাদত এবং তাসকিন দুই জনই টেস্টে নেই সেই কারণে আমাদের ফাস্ট বোলিং ডেপথটা ঠিক রাখতে মনে হয়েছে মুশফিক এবং রানা দুই জনকে আসলে যুক্ত করার এটাই সঠিক সময়। এবং ওরা যেহেতু তরুণ আমার মনে হয়েছে ওদের যুক্ত করার জন্য এইটাই উপযুক্ত সময়।’ এর আগে নাহিদ রানা সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেন। ১০ ম্যাচে ৭ উইকেট নিলেও নজর কেড়েছিলেন গতি দিয়ে। গত ১৩ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এবারের বিপিএলে প্রথম মাঠে নেমে সাকিব আল হাসানের বিপক্ষে ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন। সে ওভারেই ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতিতে আরও দুটি বল করেছিলেন নাহিদ। শুধু বিপিএল নয় সব শেষ দুই আসর ধরে ঘরোয়া ক্রিকেটেও গতির ঝড় তুলতে দেখা গিয়েছে এই রানাকে।

সিলেট টেস্টের টাইগার স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।

ইত্তেফাক/এএম