রূপগঞ্জে যানজট নিরসনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে মাহফুজ (২৮) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বরপা এলাকায় ঘটে এ ঘটনা। গ্রেফতারকৃত মাহফুজ বরপা পশ্চিমপাড়া এলাকার সাইজুদ্দিনের ছেলে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, একটি ট্রাক সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কনস্টেবল ফয়সাল আহাম্মেদ ট্রাকটি সরিয়ে নিয়ে যেতে বলেন চালক মাহফুজকে। মাহফুজ ট্রাক না সরিয়ে ফয়সালকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে কনস্টেবল ফয়সালকে মারধর করে ট্রাক চালক মাহফুজ। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজকে গ্রেফতার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
