টাঙ্গাইলে ফারুক হত্যা মামলায় আরো এক জনের সাক্ষ্য গ্রহণ

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০০:১৫

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আরো একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই মামলার পাবলিক সাক্ষী আব্দুর রৌফ আদালতে সাক্ষ্য প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এ সময় মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির করা হয়। এ পর্যন্ত আদালতে মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।

বিশেষ পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান জানান, গতকাল চাঞ্চল্যকর এ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। পাবলিক সাক্ষী আব্দুর রৌফ ওই দিন আদালতে সাক্ষ্য দেন। নিহত ফারুক আহমদের মৃতদেহের সুরতহালের সাক্ষী ছিলেন তিনি। পরে অ্যাডভোকেট বাকী মিয়াসহ আসামি পক্ষের অন্য আইনজীবীরা তাকে জেরা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক রাশেদ কবির আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এদিকে, গতকাল টাঙ্গাইল জেলহাজতে থাকা তিন আসামি মোহাম্মদ আলী, আনিছুর রহমান রাজা ও সমিরকে আদালতে হাজির করা হয়। এছাড়া, জামিনে থাকা আসামি নাসির উদ্দিন নুরু, মাসুদুর রহমান মাসুদ ও ফরিদ আহম্মেদ আদালতে হাজিরা দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়।