বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে না সুন্দরবন

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০০:১৭

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি বাংলাদেশের সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কমিটির ৪৩তম সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে। ফ্রান্সের প্যারিসের বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমিটির সিদ্ধান্ত গ্রহণের পর প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই- ইলাহী চৌধুরী কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান কমিটির উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য রক্ষাকরণে গৃহীত সিদ্ধান্ত বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে উত্সাহিত করবে। তিনি সুন্দরবনকে বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করে সুন্দরবন সুরক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ সরকার গ্রহণ করবে বলে কমিটিকে আশ্বস্ত করেন।

বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম সভা বাকুতে ৩০ জুন থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। এ সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।