হজ যাত্রীদের জন্য ট্রাফিক পুলিশের ফ্রি বাস সার্ভিস

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০০:২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অন্যান্য বছরের ন্যায় এবারও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে আশকোনা হজক্যাম্প থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। এই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে এই ফ্রি বাস সার্ির্ভস উদ্বোধন করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়। এ সময় ঐ বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিসি প্রবীর কুমার রায় বলেন, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মুসল্লিরা প্রতি বছর এই সময়ে সারাদেশ থেকে ঢাকায় আসেন। তারা বিমানবন্দরে যাতায়াতের জন্য পায়ে হেঁটে এয়ারপোর্ট ক্রসিং পার হন। এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই হজ যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি সুশৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থাপনা ও সেবা দিতেই এই উদ্যোগ। ট্রাফিক পুলিশ ২৪ ঘণ্টা এই সেবা দিচ্ছেন। এতে যেন কারো কোনো সমস্যা না হয় সেই দিকটা খেয়াল রাখতে হচ্ছে।

পুলিশ জানায়, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বিমান বন্দর সড়কে সব সময় দ্রুত গতিতে যানবাহন চলাচল করে। এর মধ্যেই অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের চেষ্টা চালায়। এতে দুর্ঘটনাও ঘটে। এতে যানজটের সৃষ্টি হতে পারে। তাই হজ যাত্রীদের গমনাগমন নিরাপদ করা এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনার জন্যই ট্রাফিক উত্তর বিভাগ এই উদ্যোগ নেওয়া হয়। গত কয়েক বছর ধরে এই ব্যবস্থাপনার কারণে হজ যাত্রীরা নিরাপদে বিমানবন্দরে যেতে পারছেন।