একজিমা বহুল পরিচিত ও অতিসাধারণ ত্বকের সমস্যা। এতে ত্বকে প্রদাহ সৃষ্টি হয়ে ত্বক লালচে হয়ে যায় এবং ফুলে উঠে। এর উপসর্গগুলো প্রকারভেদে বিভিন্নরকম হতে পারে। যেমন— লালচে প্রদাহযুক্ত ত্বক, ছোট ছোট পানিযুক্ত ফুসকুড়ি, চামড়া উঠা, শুষ্কতা, ত্বকে খসখসে ভাব, সংক্রমণ হলে পানি অথবা পুঁজ নিঃসরণ ইত্যাদি। একজিমা রোগীদের সাধারণত পারিবারিক অ্যালার্জিক অসুখের ইতিহাস থাকে। যেমন— অ্যাজমা, অ্যালার্জিক রাইনোকংজাটিভাইটিস ইত্যাদি।
এ ছাড়া বিভিন্ন পরিবেশগত কারণে একজিমা হতে পারে। সাবান, ডিটারজেন্ট, ঘরবাড়ির ধুলা-ময়লা, পরাগরেণু, পোষা জীবজন্তু, ঠান্ডা কিংবা গরম, স্যাঁতসেঁতে আবহাওয়া ইত্যাদি কারণে একজিমা আক্রান্ত হতে পারেন যেকোনো বয়সী মানুষ। সাধারণত একজিমার কিছু প্রকারভেদ রয়েছে। যেমন— অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস, ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, এটোপিক ডার্মাটাইটিস, ফটোডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, ডিসকয়েড ডার্মাটাইটিস ইত্যাদি। চিকিত্সকরা সাধারণত একজিমার চিকিত্সায় অ্যান্টিহিস্টামিন ওষুধ, বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন। তবে একজিমার চিকিত্সায় এর সঠিক কারণ নির্বাচন করা একান্ত জরুরি।
লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
