যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। দিবসটি উদযাপনে ১৭ মার্চ এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী।
সংগঠনের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের পরিচালনায় আলোচনায় বক্তৃতা করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি যথাক্রমে রাফায়েত চৌধুরী, সফেদা বসু বিন্ধু,, নজরুল আলম ও ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান ভুঁইয়া, টেক্সাস আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বরকত, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শেখ সেলিম ও সাধারণ সম্পাদক তাসনিম মিতু, এবং বোস্টন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জন্ম, তার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে তার দীর্ঘ সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় চলতি বছরের ২৭শে এপ্রিল ক্যালিফোর্নিয়ায় অনুস্ঠেয় সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন সফল করতে করনীয় নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী বলেন, বঙ্গবন্ধুর হৃদয়ে ছেলেবেলা থেকে জাগ্রত বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনা ও তার আজীবন সংগ্রামের ফসল আমাদের মহান স্বাধীনতা।তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শকে দেশে বিদেশে বিশেষ করে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার কাজ করছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। তিনি আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সম্মেলনকে সার্থক করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে বলেন, যে মানুষটি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবনের ১৩টি বছর কারাগারে কাটিয়েছেন, বাঙালির মুক্তির পথ দেখিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন তাকেই আমরা বাঙালিরাই ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করেছি। কতটা অকৃতজ্ঞ জাতি আমরা।তিনি প্রবাসে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর পরিষদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
টেক্সাস আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বরকত তার বক্তব্যে বলেন, যে ব্যক্তির ত্যাগ, সাধনা ও সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন ১৯৭৫ সালে ১৫ই আগস্টের পরে যখন কেউ কিছু বলছিলেন না, এমনকি আওয়ামীলীগ পর্যন্ত নিস্তব্দ ছিল, তখন কিন্তু বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়।এই বঙ্গবন্ধু পরিষদই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে প্রতিনিয়ত কাজ করে গেছেন একটা থিংক ট্যাঙ্ক হিসেবে, এবং এখনো তা করে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ তার বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রবাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ বছরের ২৭শে এপ্রিল ক্যালিফোর্নিয়ার সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনে যোগদানের জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হয়।
