জিব্রাল্টারে সিরিয়াগামী ইরানি তেলের ট্যাঙ্কার আটক

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০০:৩১

সিরিয়াগামী একটি ইরানি তেলের ট্যাঙ্কার জিব্রাল্টারে আটক হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞা লংঘন করছে এমন সন্দেহে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ট্যাঙ্কার ও এর কার্গোগুলো জব্দ করা হয়। গ্রেস ১ নামের ওই জাহাজটি সিরিয়ার বানিয়াস শোধনাগারের জন্য অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল বলে ধারণা কর্তৃপক্ষের। ২০১৪ সাল থেকে ওই তেল শোধনাগারটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় আছে।

এদিকে, তেলের ট্যাঙ্কার আটকের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। এই ঘটনার প্রতিবাদে তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। কারণ যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর মেরিন ইউনিটের সহযোগিতায় ট্যাঙ্কারটি আটক করেছে জিব্রাল্টার সরকার। স্পেন জানিয়েছে যুক্তরাজ্যের অনুরোধে ট্যাঙ্কারটি আটক করা হয়েছে। জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্ডো ট্যাঙ্কার আটকের ঘটনায় ব্রিটিশ রয়্যাল মেরিন সদস্যদের সাহসের প্রশংসা করেছে বলেছেন, ‘জিব্রাল্টারকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক নীতিভিত্তিক আইনি আদেশ মানতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’। একটি সূত্রের দাবি, গত ১৭ এপ্রিল গ্রেস ১ ইরানের অপরিশোধিত জ্বালানি তার জাহাজে তোলে। এটি সঠিক হলে সিরিয়াগামী এ জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লংঘনের দায়েও অভিযুক্ত হবে। জিব্রাল্টার কর্তৃপক্ষের এ ‘দৃঢ় পদক্ষেপকে’ স্বাগত জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার তেল শোধনাগারের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তার বিস্তারিত জানতে তিনি শিগগিরই ইউরোপিয়ান কমিশন ও কাউন্সিলের প্রেসিডেন্টকে চিঠি লিখবেন।