কক্সবাজার মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আফসানা মিমের পড়াশোনার দায়িত্ব নিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
বুধবার (২০ মার্চ) সকালে মিমের বাবা মো. আব্দুল কুদ্দুস মেয়ের পড়াশোনার জন্য সহযোগিতা চাইলে জেলা প্রশাসক এ প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।
আফসানা মিম বরিশাল সিটি করপোরেশন এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মো. আব্দুল কুদ্দুসের মেয়ে। ৩ ভাই-বোনের মধ্যে মধ্যে মিম দ্বিতীয়। তার বাবা আব্দুল কুদ্দুস ডিসি ঘাট শাহী জামে মসজিদে ইমামতি করেন।
জানা যায়, ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী মিম হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি বিষয়ে ভর্তি হয়েছিল। কিন্তু তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এমবিবিএস ভর্তি পরীক্ষায় (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) অংশ নিয়ে কক্সবাজার মেডিক্যাল কলেজে সুযোগ হয়।
