তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি, নিহত ৮০

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০০:৩১

তিউনিসিয়া উপকূলের জার্জিস শহরের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ওই নৌকার সাত আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরে একজনের মৃত্যু হয়েছে। জীবিত তিন জন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ৮৬ অভিবাসীকে নিয়ে নৌকাটি রওনা দেয়। নৌকার চার আরোহীকে উদ্ধার সম্ভব হলেও বাকি ৮২ জনের কোনো খবর পাওয়া যায়নি। তিউনিসিয়ার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান লোরেনা ল্যান্ডো জানিয়েছেন, ডুবন্ত নৌকা দেখে তিউনিসিয়ার জেলেরা এগিয়ে গিয়ে চারজনকে উদ্ধার করতে সমর্থ হয়। তবে বাকি আরোহীদের কোনো হদিস পায়নি তারা।

প্রসঙ্গত, গত ১০ মে তিউনিসিয়া উপকূলে অপর এক নৌকাডুবিতে অন্তত ৬৫ জন অভিবাসীর মৃত্যু হয়। লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ৭৫ আরোহী নিয়ে রওনা দেয় একটি বড়ো নৌকা। ভূমধ্যসাগরে আরেকটি ছোটো নৌকায় তাদের তোলার কিছুক্ষণের মধ্যেই তা ডুবে যায়। তিউনিস রেডক্রিসেন্ট জানায়, ঐ নৌকার আরোহীদের মধ্যে ৫১ জন বাংলাদেশি ছিল। এদের মধ্যে ৩৭ জন প্রাণ হারায়।