সৎ ছেলেকে হত্যা

পাংশায় স্বামীর দায়েরকৃত হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০২:০০

রাজবাড়ীর পাংশা উপজেলায় সতীনের শিশু ছেলেকে কীটনাশক খাইয়ে হত্যা মামলার দায়ে সত্-মা মোছা. আকলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে। 

গতকাল ২০ মার্চ বিকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন এ রায় দেন। রায় প্রদানের সময় মামলার প্রধান ও একমাত্র আসামি আকলিমা আক্তার আদালতে হাজির ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি আকলিমা আক্তার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ্মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতীনের সঙ্গে ঝগড়ার জের ধরে সতীনের চার বছর বয়সি ছেলে রিপনকে কীটনাশক খাইয়ে হত্যা করে হযরত আলীর ছোট স্ত্রী আকলিমা আক্তার। এ ঘটনায় স্বামী হযরত আলী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামি আকলিমা আক্তার গ্রেফতার হলে সে আদালতে কীটনাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করে।

ইত্তেফাক/এমএএম