রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের ক্যান্টিনে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। রাতেই শিশুটিকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করিয়েছে। এ ঘটনায় ওই ক্যান্টিনের কর্মচারি রায়হান (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শিশুটির মা জানান, তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে খন্ডকালীন নার্স হিসেবে চাকরি করেন। প্রতিদিন মেয়েকে সঙ্গে করে হাসপাতালে যান তিনি। গতকালও স্কুল থেকে আসার পর মায়ের সঙ্গে হাসপাতালে যায় শিশুটি। বিকালে হাসপাতালের নিচতলার ক্যান্টিনে খাবার কিনতে গিয়ে ধর্ষনের শিকার হয়।
ধানমন্ডি থানার এসআই মোশারফ হোসেন জানান, ক্যান্টিনের কর্মচারি রায়হান শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ক্যান্টিনের পাশের সিঁড়ির নিচে নিয়ে যৌন নির্যাতন করে। রায়হানকে আটক করা হয়েছে।
