অবৈধ সম্পদের মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমানের ভাগনে এসআই মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এই মামলায় সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানকে মঙ্গলবার কারাগারে পাঠায় একই আদালত।
৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ২৪ জুন মিজান, তার স্ত্রী, ভাগনে এসআই মাহমুদুলসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় সোমবার হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে মাহমুদুলকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ওই নির্দেশের পর গতকাল তিনি হাজির হন। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।
আদালতে আসামির পক্ষে আইনজীবী নজিবুল্লাহ হিরু ও আমিনুল ইসলাম এবং দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।
