চট্টগ্রামের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে উইকেট কিপিং করতে গিয়ে তাসকিন আহমেদের বলে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। পরে ম্যাজিক স্প্রে মেরে ও হাতে টেপ পেঁচিয়ে কিপিং করেন। তবে সেই চোট নিয়েই তিনি ঐ ম্যাচের পুরোটা সময় মাঠে ছিলেন। সিরিজ জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছিলেন। ছিলেন লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডেও।
তবে গত পরশু বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় আঙুলের চোটে ছিটকে যাচ্ছেন এই সিরিজ থেকেই। আর তার বদলেই এই ম্যাচের স্কোয়াডে ঢুকানো হয়েছে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে। গতকাল এক বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
গতকাল মিরপুরের বিসিবি কার্যালয়ে মুশফিকের শূন্যস্থান পূরণের জন্য নির্বাচকরা একটি সভা করেছিলেন। সেখানেই হৃদয়কে যুক্ত করার সিদ্ধান্ত আসে। এর আগে গেল বছর সাদা বলে অভিষেক হয় তাওহিদ হৃদয়ের। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে নবম বিপিএল আসর মাতিয়ে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় হৃদয়ের।
পরে একই মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটেও অভিষেক হয় এই ব্যাটারের। এরপর থেকেই সাদা বলে টাইগারদের নিয়মিত মুখ তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হৃদয়। এবার পেলেন সাদা পোশাকেও লাল-সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এখনো টেস্ট অভিষেক না হলেও ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে হৃদয়ের রান ৯১৩। সেঞ্চুরি করেছেন ৩টি, আছে ডাবল সেঞ্চুরিও।
