ডাকসুর ভিপি-জিএসকে রেখে ঢাবির শিক্ষার মান উন্নয়নে কমিটি

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০০:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নে ১০ সদস্যবিশিষ্ট ‘শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন’ বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডাকসুর সহ-সভাপতি মো. নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন পল্লী কর্মসংস্থান সংস্থার চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান, জিন প্রকৌশল ও জীব-প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. জেসমিন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. হাসিনা শেখ, ডাকসু’র সহ-সভাপতি মো. নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আইসিটি সেলের পরিচালক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন: ওবায়দুল কাদেরের বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কমিটি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষা ও গবেষণার মান এবং সার্বিক পরিবেশ পর্যালোচনাপূর্বক গুণগতমান উন্নয়নের জন্য করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে।

ইত্তেফাক/এমআর