কুষ্টিয়ায় বর্তমান ও সাবেক চার এমপি বিদ্রোহী প্রার্থী!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:১৯

কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে চারটিতেই আওয়ামী লীগ-বিএনপির বর্তমান ও সাবেক চার এমপি বিদ্রোহী প্রার্থী হিসেবে (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন। বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি রেজাউল হক চৌধুরী ও সাবেক এমপি আফাজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া-৪ আসনের বর্তমান এমপি আব্দুর রউফ এবং কুষ্টিয়া-২ আসনে বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম।

জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে আফাজ উদ্দিন দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনেও আফাজ উদ্দিন দলীয় মনোনয়ন  পেয়েছিলেন। কিন্তু ওই নির্বাচনে দলের নেতা রেজাউল হক চৌধুরী বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন। এবারের নির্বাচনে বর্তমান এমপি রেজাউল হক চৌধুরী ও সাবেক এমপি আফাজ উদ্দিন আহম্মেদ মনোনয়ন পাওয়ার জন্য তদবির ও চেষ্টা চালান। কিন্তু এদের দুজনই এবার দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। তাই দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ বর্তমান এমপি রেজাউল হক চৌধুরী ও সাবেক এমপি আফাজ উদ্দিন আহম্মেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এ দিকে, এই দুই এমপি’র পাশাপাশি কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি আব্দুর রউফ আবারো বিদ্রোহী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এর আগে ২০০১ সালের নির্বাচনে তিনি দল মনোনীত প্রার্থী বেগম সুলতানা তরুণের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি হয়। তবে ২০১৪ সালের নির্বাচনে আব্দুর রউফ দলীয় টিকিট নিয়ে এমপি নির্বাচিত হন। এমপি নির্বাচিত হওয়ার পর নানাভাবে চরম সমালোচিত এমপি এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হন। এবার আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম গোলাম কিবরিয়া এমপির নাতি ব্যারিস্টার আলতাফ হোসেন জর্জ। আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাইয়ে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলেও বেঁকে বসেছেন বর্তমান এমপি আবদুর রউফ। দলীয় প্রার্থীর পক্ষে এখনো তাকে মাঠে পাওয়া যাচ্ছে না। বরং তিনি দলীয় নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে মনোনয়ন দাখিল করেছেন। অপরদিকে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন না দেয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। তিনবারের সাবেক এই এমপি দুর্দিনের কাণ্ডারি এবং এলাকায় জনপ্রিয় হওয়া সত্ত্বেও জোটগত কারণে তাকে মনোনয়ন দেয়া হয়নি। কুষ্টিয়া-২ আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়েছেন (জাতীয় পার্টি, জাফর) আহসান হাবীব লিংকন।

সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম জানান, ত্যাগ, জনপ্রিয়তা ও যোগ্যতার মানদণ্ডে দল প্রার্থী পরিবর্তন করবে বলে তিনি আশাবাদী।