টাঙ্গাইলের সখীপুরে প্রবাসীর স্ত্রী প্রতিবেশী এক নারীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার মোহাম্মদ নূরে আলম মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিম দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
টাঙ্গাইলের পুলিশের আদালত (কোর্ট ইন্সপেক্টর) পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নূরে আলম মুক্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে দুপক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মারধরের শিকার গৃহবধূ বলেন, ‘ওই চেয়ারম্যান বৃহস্পতিবার আগাম জামিনের জন্য আদালতে গিয়েছিলেন। এ কথা শুনে আমি শুনানি শেষ হওয়ার আগেই আদালতে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। আমাকে মারধরের ভিডিওটি দেখালে আদালত অভিযুক্ত চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এর আগে ২ মার্চ বিকেলে পারিবারিক বিরোধের জেরে তুচ্ছ ঘটনায় ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা তার প্রতিবেশী গৃহবধূকে (৩৫) মারধর করেন। অপর প্রতিবেশী রুবেলকে (৩৭) সঙ্গে নিয়ে চেয়ারম্যানের ওই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার দিন মারধরের শিকার ওই নারী থানায় লিখিত অভিযোগ করেন।
