সিলেট থেকে বন্দরনগরী চট্টগ্রাম। সেখান থেকে আবারও চায়ের শহর সিলেটে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। দুই দলের চোখ এবার সাদা পোশাকের সিরিজের ওপর। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ সকাল ১০টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। মূল ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এদিন টাইগার হেড মাস্টারের কণ্ঠে শোনা যায় বড় পরিকল্পনার কথা। শুধু শ্রীলঙ্কা সিরিজ নয়, হাথুরুর ভাবনায় এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ।
আসন্ন ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে গতকাল টাইগার কোচ বলেন, ‘এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা ঘরের মাঠে একটা সিরিজ খেলছি, দেশের মাটিতে যদি বেশি ম্যাচ জিততে পারি, তাহলে শেষ দিকে টিকে থাকার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হাথুরু আরও বলেন, ‘সামনের বেশ কিছু ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ সেগুলো বড় দলের বিপক্ষে। শ্রীলঙ্কাও অনেক ভালো এবং অভিজ্ঞ দল। এই সিরিজটাও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, তবে আমরা সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ’
লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে নতুন করে দলে ডাক পান তরুণ দুই পেসার মুশফিক হাসান এবং নাহিদ রানা। এই দুই তরুণ পেস বোলারকে নিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘মুশফিক হাসান এবং নাহিদ রানা দুই জনই বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় সম্ভাবনার নাম। দুই জনই ১৪০ কি.মি-এর বেশি বেগে বল করতে পারেন। দুই জনই তরুণ এবং শক্তিশালী। তারা প্রথম শ্রেণির টুর্নামেন্টে অনেক বল করেছেন। তাদের নিয়ে আমি রোমাঞ্চিত। তাদের দুই জনের একজনকে আমি একাদশে দেখতে চাই। দলে অনেক নতুন খেলোয়াড় আছে, তারা দলকে আরো শক্তিশালী করেছে।’
দীর্ঘদিন ধরে ব্যাট হাতে রান খরায় ভুগছেন টাইগার ওপেনার লিটন দাস। তার ধারাবাহিকতায় সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন এই টাইগার ওপেনার। তবে লিটনের রানে ফেরার বিষয়ে আশাবাদী টাইগার হেড মাস্টার। লিটন দাসকে নিয়ে হাথুরু বলেন, ‘আমরা আসা করছি, লাল বলে লিটনের ব্যাটে আমরা রান দেখতে পাব। সে অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। এটা ভিন্ন বলের খেলা। তাই সে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় পাচ্ছে। তার স্কিল এবং তার মেধা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। সে সাদা বলের ক্রিকেটে একটু খারাপ সময় পার করছে। তবে লাল বলের ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন।’
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হাতের আঙুলের ইনজুরিতে পাড়েন মুশফিকুর রহিম। যার কারণে ছিটকে যান সাদা পোশাকের সিরিজ থেকে। লঙ্কানদের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মুশফিককে না পাওয়ার বিপক্ষে হাথুরু বলেন, ‘মুশির অভিজ্ঞতাকে আমরা মিস করব। সে দারুণ ফর্মে ছিল। তার মতো খেলোয়াড়দের বিকল্প পাওয়া খুবই কঠিন। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। নতুন করে দলে হৃদয় যোগ হয়েছে এবং সাদমান ও দিপু রয়েছে। তারা অনেক দিন ধরে জাতীয় দলের পরিকল্পনায় রয়েছে। এই সিরিজটা নতুনদের যাচাই করে নেওয়ার জন্য ভালো একটা সুযোগ।’
এছাড়াও সিলেটের উইকেট নিয়ে কোচ হাথুরুসিংহে বলেন, ‘উইকেটটা একটু অন্যরকম লাগছে। আগের বার ঘাস তেমন একটা ছিল না, তবে এবার ঘাস অনেক বেশি। আবহাওয়া এই ম্যাচে অনেক বড় প্রভাব ফেলতে পারে। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও উইকেট কঠিন ছিল। তবে যাই হোক আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’
