ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে শুক্রবার ১০ কিলোমিটার গভীরতায় ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিকেএমজি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
বিএমকেজি জানিয়েছে, পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
পূর্ব জাভা, এর রাজধানী সুরাবায়া ও পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলোতে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে। সেইসব এলাকায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাধিক পোস্ট অনুসারে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, কেন্দ্র থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়ও সংক্ষিপ্ত কম্পন অনুভূত হয়েছে।
বিএমকেজি জানিয়েছে, ৬.৫ মাত্রার ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, আগের ভূমিকম্পে তুবান শহরে একটি বাড়ি ও একটি কমিউনিটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সর্বশেষ ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে আর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
