রাজশাহী-৫ আসনে মহাজোটের প্রার্থী মনসুর না আবুল!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:১৯

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের প্রফেসর ডা. মনসুর রহমান ও জাতীয় পার্টির অধ্যাপক আবুল হোসেন।

রাজশাহী-৫ আসনে কে হচ্ছেন মহাজোটের প্রার্থী এ নিয়ে নানা জনের মুখে নানা কথা শোনা যাচ্ছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মনসুর রহমান ও নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের শতভাগ দাবি তিনিই (মনসুর রহমান) মহাজোটের একমাত্র প্রার্থী হবেন।

অপরদিকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন ও তার নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা শতভাগ দাবি রেখে বলেছেন তিনিই (আবুল হোসেন) রাজশাহী-৫ আসনে মহাজোটের প্রার্থী।

এ আসনে অপর মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, জেলা যুবলীগের ওবায়দুর রহমান, বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট মাহমুদা হাবিবা। বিএনএফ’র মখলেসুর রহমান, জাকের পার্টির শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের রুহুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক।