নেদারল্যান্ডস প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো। সুইডেনের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে করা গোলের সুবাদে অর্জনটি সম্ভব করল ডাচ নারীরা। ডাচদের জয়টি নিশ্চিত হয় ৯৯তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার জ্যাকি গ্রোয়েনেনের দেওয়া গোলে।
এ জয়ে আগেই ফাইনালে ওঠা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্র হচ্ছে নারী বিশ্বকাপের শিরোপাধারী। শেষ চারে আমেরিকানরা ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ধরে রাখার শেষ প্রান্তে এসে দাঁড়ায়। আগামী রবিবার ফ্রান্সের লিয় শহরে অনুষ্ঠিত হবে ফাইনালটি।
গত বুধবার এই লিয় শহরেই প্রায় ৫০ হাজার দর্শক যখন পেনাল্টি শুটআউটের অপেক্ষায় ছিলেন, সেই সময়েই লক্ষ্যভেদ করেন জ্যাকি। তাতে সুইডিশদের দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়।
যুক্তরাষ্ট্রের জন্য এখন ফাইনালটা দৃশ্যত সহজই হলো। কেননা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফাইনালে পাচ্ছে এমন একটি দলকে যারা কি না বিশ্ব র্যাংকিংয়ে আছে আট নম্বরে। মজার ব্যাপার হলো ফুটবল আর নেদারল্যান্ডস প্রায় সমার্থক হলেও ডাচ নারীরা এ নিয়ে কেবল দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে।
বিপক্ষ শক্তিশালী হলেও আশাবাদী নেদারল্যান্ডস কোচ সারিনা ওয়েগম্যান। ২০১৭ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে টানা ১২ খেলায় জিতে চলা দলটি সম্পর্কে তাদের কোচ বলেন,‘এটা এক ম্যাচের ব্যাপার। যে কোনো কিছুই ঘটতে পারে।’
নারী ফুটবলের পুরনো ও নতুন শক্তির মধ্যকার এ লড়াইয়ের প্রাক্কালে মজার তথ্য হলো উভয় দলের দায়িত্বে আছেন নারী কোচ। এবারের বিশ্বকাপে যে ২৪টি দল অংশ নেয় তাদের মধ্যে কেবল নয়টি দলের কোচ হলেন নারী।
ইত্তেফাক/ইএইচএম

