ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রায় দুই বছরাধিক সময় ধরে চলমান মান-অভিমান অবসান ঘটিয়ে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোড়িয়া) আসনে বিজয়ী হতে চায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। শনিবার ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে ভূমিমন্ত্রী ও পৌর মেয়র ঐক্যের এই খবর সাংবাদিকদের জানিয়েছেন।
ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ বলেন, ঈশ্বরদীর আওয়ামী লীগ লৌহ দৃঢ়তায় ঐক্যবদ্ধ।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে সকল মান-অভিমান পরিহার করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার অঙ্গিকার ব্যক্ত করেন।
মন্ত্রী শামসুর রহমান শরীফ এবং মেয়র আবুল কালাম আজাদের মধ্যে দুই বছরেরও অধিক সময় ধরে মতানৈক্য চলছিল। এই মতানৈক্যের সুযোগে এবারে এই আসনে ১৪ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়। শেষ পর্যন্ত কেন্দ্র হতে জেলার সভাপতি ও ভূমিমন্ত্রী শরীফকে একক মনোনয়ন দেওয়া হয়। শেষ দিনে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই অতীতের দ্বিধা-দ্বন্দ্ব ও মান-অভিমান ভুলে ভূমিমন্ত্রীর সঙ্গে একজোট হয়ে জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এদিকে বিএনপি এই আসনে দুইজনকে মনোনয়নের চিঠি দেওয়ায় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি এখানে চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদারকে দলীয় মনোনয়নের চিঠি প্রদান করেছে। যে কারণে উভয়েই মনোনয়নপত্র দাখিল করেছেন। সিরাজুল ইসলাম সরদারের মনোনয়ন দাখিলের সময় উপজেলা বিএনপির সভাপতি, পৌর কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ পোর্টফলিও নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে হাবিবুর রহমান হাবিবের সঙ্গে উপজেলা কমিটির সাধারণ সম্পাদকসহ পোর্টফলিও নেতারা ছিলেন। হাবিবুর রহমান হাবিব বিএনপিতে যোগদানের পর হতেই ঈশ্বরদীতে বিএনপির নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। এ কারণে ঈশ্বরদীতে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান ঘন ঘন পরিবর্তনশীল। নেতা-কর্মীরা কখনও হাবিবের, আবার কখনো সিরাজ সরদারের সঙ্গে। এরই মধ্যে ২০ দলীয় জোটের শরীক জামায়াতের পক্ষ হতে জেলা নায়েবে আমীর আবু তালেব মণ্ডল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে জামায়াতের ভোট ব্যাংক রয়েছে বলে তারা বিশ্বাস করেন। যে কারণে জামায়াত এই আসনে ছাড় দিতে চায় না। এই অবস্থায় ২০ দলীয় জোটের কে শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন, আর নেতা-কর্মীরা কে-কোন অবস্থানে থাকবেন সেটাই এখন দেখার বিষয়।
জাসদ নেতা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আবুল খালেক বলেন, আমরা শত ভাগ বিশ্বাস করি এই আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী শরীফ ৫মবারেও বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন।
