গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
গোপালপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী কামরুন্নাহার ইতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল রবিবার গোপালপুর পৌর শহরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোপালপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে কলেজ গেটে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, উপাধ্যক্ষ মানিকুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক মাইনুর রহমান, সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন ও আব্দুল মান্নান, সহপাঠী সোহানুর রহমান, আল আমীন, মাহমুদুল হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা অভিযোগ করেন, ইতিকে হত্যার সুস্পষ্ট অভিযোগ সত্ত্বেও মধুপুর থানা-পুলিশ আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ ব্যাপারে মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
