কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রী সেজে সিএনজিতে উঠে চালককে ছুরিকাঘাত করে নগদ পনের হাজার টাকাসহ একটি সিএনজি ছিনতাই করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। শুক্রবার (২২ মার্চ) রাত পৌনে তিনটায় উপজেলার গোয়ালিয়ারা গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজি চালক একটি অভিযোগের পর জেলার দেবিদ্ধার উপজেলার একটি গ্যারেজ থেকে শনিবার (২৩ মার্চ) সিএনজিটি উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত এক গ্যারেজ মালিককে আটক করে রোববার (২৪ মার্চ) কুমিল্লার আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, ২২ মার্চ রাতে লাকসাম উপজেলা থেকে রাত প্রায় আড়াইটায় যাত্রী নিয়ে মনোহরগঞ্জে আসেন সিএনজি চালক আবুল কাশেম (৪০)। যাত্রী নামিয়ে প্রায় পৌনে তিনটার দিকে আবার লাকসামের উদ্দেশ্যে রওয়ানা হলে উপজেলার মনোহরগঞ্জ-লাকসাম সড়কের গোয়ালিয়ারা তিন রাস্তার মোড়ে অপেক্ষমান ৪ যাত্রী সিগন্যাল দিয়ে সিএনজিটি থামায়। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা একজন শারীরিক প্রতিবিন্ধী যাত্রীকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা বললে চালক তাদের গাড়িতে উঠায়। একটু সামনে গিয়ে তারা চালকের গতিরোধ করে ও তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ পনের হাজার টাকাসহ সিএনজিটি ছিনতাই করে। এ ঘটনায় সিএনজি চালক ২৩ মার্চ অজ্ঞাতনামা চার জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ করলে একইদিন জেলার দেবিদ্ধার থানা পুলিশের সহায়তায় মনোহরগঞ্জ থানা পুলিশ সিএনজিটি উদ্ধার করে।
মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, দেবিদ্বার উপজেলার মাসিকহারা গ্রামে একটি গ্যারেজ থেকে সিএনজিটি উদ্বার করা হয়েছে এবং গ্যারেজ মালিক আলাউদ্দিন (৩৮) কে আটক করে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
