সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল-৮ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে বিজয়ী করতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে ইতোমধ্যে দুটি উপজেলা ও দুটি পৌর আওয়ামী লীগ পৃথকভাবে জরুরি বর্ধিত সভাও করেছে। এছাড়া দলের ইউনিয়ন ও ওয়ার্ডেও বর্ধিত সভা করা হয়েছে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্ধিত সভাগুলোতে টাঙ্গাইল-৮ আসনে সমন্বিতভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান শীর্ষ নেতারা। বর্ধিত সভায় নেতা-কর্মীদের উদ্দেশে দলের শীর্ষ নেতারা বলেছেন, একাদশ সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন, তাকে বিজয়ী করতে হবে। সব নেতা-কর্মীকে মতানৈক্য ভুলে একযোগে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে। বিজয় নিশ্চিত করতে ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১৩ সদস্যের একটি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
