৭ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৭:৩৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা পতিত জমিতে চাষসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। শুক্রবার সকাল ৮টা থেকে প্রায় একশ চা শ্রমিক এই কর্মবিরতি শুরু করেন। 

শ্রমিকরা জানান, অন্য বাগানের মত চা বাগানের পতিত জমিতে চাষ, গরু-ছাগল পালন, গাছ লাগানোর অধিকার, বকেয়া-বোনাসের দাবি, চা বাগানে বিদ্যালয় নির্মাণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি ২০১৪ সাল থেকে জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এর কোনোটির বাস্তবায়ন করছে না।
 
নারী শ্রমিক মনি বাউরী, ঝরনা বাউরী, সনকা কর্মকার, অঞ্জলি বুনারর্জি, অপু নায়েক প্রমুখ বলেন, আমরা অনেকদিন ধরে ব্যবস্থাপকের কাছে দাবি গুলো জানিয়ে আসছি। লিখিত আবেদনও করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। তাই নিরুপায় হয়ে কর্মবিরতি শুরু করছি।
 
তারা আরও জানান, শুক্রবার সকাল ৭টায় বাগান কর্তৃপক্ষের সঙ্গে বাগান পঞ্চায়েতের বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। 

আরও পড়ুন: ‘আপনার ছেলে পুলিশে বড়ো চাকরি পেয়েছে, আমরা তদন্তে এসেছি’

এ ব্যাপারে আয়েশাবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত বুনারজি বলেন, আমরা ৭ দফা দাবি পেশ করেছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।  

জানতে আয়েশাবাগ চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

ইত্তেফাক/অনি