সাইফের দ্বিতীয় শিকার বাবর আজম

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৮:২০

পরপর দুইবার জীবন পাওয়া বাবর আজম অবশেষে ফিরলেন। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পা দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ফেরার আগে করেন ৯৮ বলে ৯৬ রান।

এর আগে ২৬তম ওভারে ব্যক্তিগত ৫৯ রানের মাথায় মুস্তাফিজুর রহমানের বলে পয়েন্টে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দেন বাবর আজম। কিন্তু এটি মিস হয়।  পরের ওভারেই মোসাদ্দেকের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি। মোসাদ্দেকের দেখা পথে হাঁটেন মুশফিকও। ফলে দুইবার জীবন পান তিনি। আর এতেই ব্যক্তিগতভাবে বিশাল এক রানের ইনিংস খেলেন পাকিস্তানের হয়ে তৃতীয় নম্বরে ব্যাট করতে আসা এই ব্যাটসম্যান।

শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকে আঁটসাঁট বোলিংয়ে পাকিস্তানের দুই ওপেনারকে বেঁধে রেখেছিলেন বাংলাদেশের বোলারা। এসময় অফ স্ট্যাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে ওড়াতে গিয়ে সাইফুদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান ফখর জামান। ব্যক্তিগত ১৩ রানে পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

এদিকে প্রায় অসম্ভব এক সমীকরণে নিউজিল্যান্ডকে পেছনে ফেলার সুযোগ পাকিস্তানের সামনে থাকলেও কোনো আশা নেই বাংলাদেশের। এই ম্যাচটি মূলত পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে থাকার লড়াই।

৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১৯৭/২। এখন ক্রিজে আছেন হাফিজ ও ইমাম। 

ইত্তেফাক/জেডএইচ