মহেশপুরে নাশকতা মামলার আসামি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:২১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে নাশকতা মামলার আসামি হলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। মহেশপুর থানার এসআই শামীম মিয়া বাদী হয়ে রবিবার তাদের বিরুদ্ধে থানায় একটি নাশকতা মামলা করেন।   

জানা গেছে, আজমপুর ইউনিয়নের ৩নং আলামপুর গ্রামের শাহাজান আলীর বাড়িতে আসামিরা নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে এবং বোমা সাদৃশ্য ১৫টি বস্তু উদ্ধার করে। আটককৃতরা হলেন- আলামপুর গ্রামের নওয়াব আলীর ছেলে শাহাজান আলী ও জামাল হোসেন, শাহাজান আলীর ছেলে মনিরুল ইসলাম এবং দুদু মিয়ার ছেলে আব্দুল কাদের। এ ঘটনায় অজ্ঞাতনামা নয়জনসহ ২১ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে প্রার্থী ও উপজেলা চেয়ারম্যান বাদেও আজমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, কাজীরবেড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলী, নাটিমা মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল আব্দুল কাদেরের নাম রয়েছে। এ সকল ব্যক্তিকে গত ২৮ নভেম্বর মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ বাজারে নাশকতা মামলায় আসামি করা হয়। মামলার বাদী এসআই শামীম মিয়া জানান, যে চারজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি থেকে ১৫টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।