সিলেট টেস্টে শ্রীলঙ্কার টপ অর্ডার ছিল ব্যর্থ। তবে চট্টগ্রামে ছন্দে ফিরেছে তারা। দুই লঙ্কান ওপেনারের ব্যাটে বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করে প্রথম সেশন নিজেদের করে নিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে জোড়া উইকেট হারালেও বাংলাদেশকে চাপে রেখেছে সফরকারীরা। ২ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে চা পান বিরতিতে গেছে লঙ্কানরা।
টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কানদের ভাল শুরু এনে দেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা ও দিমুথ করুণারত্নে। ৯ রানে একবার জীবন পান মাদুশঙ্কা। এরপর আর কোনো সুযোগ না দিয়ে ফিফটি তুলে নেন এই লঙ্কান ওপেনার।
আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন করুণারত্নে। বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা। তবে বিরতি থেকে ফিরেই উইকেট হারায় তারা।
দলীয় ৯৬ রানে ১০৫ বলে ৫৭ রান করে রান আউটে কাঁটা পড়েন মাদুশঙ্কা। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন করুণারত্নে। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।
সেই সঙ্গে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন করুণারত্নে। তবে দলীয় ২১০ রানে ১২৯ বলে ৮৬ রানে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এই লঙ্কান ওপেনার। ১০৫ বলে ৬৫ রানে অপরাজিত আছেন কুশল মেন্ডিস।
