লক্ষ্মীপুরের রামগঞ্জে কর্মহীন ও হতদরিদ্র ৫শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এসএইচটিসি ফাউন্ডেশন। শুক্রবার (২৯ মার্চ) থেকে রবিবার তিন দিনব্যাপী এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসএইচটিসি ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাউছার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রজেক্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জানান, প্রতিবছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি ফাউন্ডেশনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মঞ্জুরুল আহসান, সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী রেদওয়ান হোসেন ফয়সাল, ও পাবলিক রিলেশন সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফ উদ্দিন সিফাত, এক্সিকিউটিভ মেম্বার এবং সকল ডোনার ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন ভুঁইয়া, শামসুদ্দিন ভুঁইয়া সেলিম ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ খোরশেদ আলম খশরুসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবাইকে আরো বেশী সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়ে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা সুলতান আহমেদ ও রাজিয়া সুলতানার শারীরিক সুস্থতা এবং সকল মুসলিম উম্মাহর মঙ্গলে দোয়া করার জন্য অনুরোধ জানান।
এসএইচটিসি ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গরীব অসহায়দের সহযোগিতা করে আসছে।
তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে গরিব ও এতিম ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা, বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, মসজিদের উন্নয়ন, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে বয়স্কদের কুরআন শিক্ষা, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, কোরবানীর গোস্ত বিতরণ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ।
