তথ্যপ্রযুক্তি ডেস্ক
ব্যস্ত দুনিয়ায় সবই এখন অ্যাপনির্ভর। অনলাইন ফুড ডেলিভারি হোক অথবা জিনিসপত্র কেনাকাটা—সময় বাঁচাতে ভরসা গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা নানান ধরনের অ্যাপ।
কিন্তু আপনি কি জানেন, এর আড়ালে লুকিয়ে রয়েছে এমন এক ফাঁদ, যা আপনাকে করে দিতে পারে সর্বস্বান্ত? হ্যাক হয়ে যেতে পারে আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে জমানো সব টাকা?
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ‘এনি ডেস্ক’ নামে এমনই এক অ্যাপের ব্যাপারে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগের তরফে জানানো হয়, এই অ্যাপ মূলত দূরনিয়ন্ত্রিত। একবার এই অ্যাপ নামানোর সঙ্গে সঙ্গেই সেটি ব্যবহারকারীর নেট ব্যাকিং সম্পর্কিত যাবতীয় তথ্য তার সিস্টেমে নিয়ে নিতে পারে। আর সেটারই সুযোগ নিচ্ছে প্রতারকেরা। চোখের নিমেষেই হাফিস হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা।
সম্প্রতি এইচডিএফসি ব্যাংকও এই অ্যাপের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়েছে। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, প্রতারকেরা প্রথমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাপটি ব্যবহারের জন্য নোটিফিকেশন পাঠাবে। অ্যাপ ডাউনলোড হয়ে গেলে একটি ৯ সংখ্যার সিকিউরিটি ডিজিট যাবে ব্যবহারকারীদের কাছে। সেটা কোনোভাবে ক্লিক করলেই আপনার যাবতীয় তথ্য হ্যাকারদের আয়ত্বে।
শুধু তা-ই নয়, আপনার যে মোবাইল নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত, সেখানেও ফোন করে নানা কৌশলে চাওয়া হতে পারে আপনার ডেবিট কার্ড নম্বর এবং ব্যক্তিগত তথ্য।
যদি ‘এনি ডেস্ক’ ডাউনলোড করে থাকেন, অবিলম্বেই তা আনইনস্টল করুন। কোনো বিষয়ে সন্দেহ হলে এখনই আপনার ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত অ্যাপগুলোতে ‘অ্যাপ লক’ পরিষেবা চালু করুন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
