ইত্তেফাক ডেস্ক
নানা আয়োজনে গতকাল রবিবার তিন পার্বত্য জেলায় পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২১ বছর পূর্তি। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
রাঙ্গামাটি: চুক্তির যেসব বিষয় অবাস্তবায়িত রয়ে গেছে তা বাস্তবায়নে অস্ত্র কাঁধে নিয়ে আন্দোলন না করে আলোচনার টেবিলে এসে আলোচনা করার আহ্বান জানিয়েছেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ। আলোচনা সভার আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সেনা রিজিয়নের আয়োজনে রাঙ্গামাটি চিংহ্লামং মারি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সম্প্রীতি কনসার্ট।
বান্দরবান : সকালে জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়িয়ে বর্ষপূর্তির কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। পরে স্থানীয় রাজারমাঠে বর্ষপূর্তিকে ঘিরে সেনা রিজিয়নের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিত্সা শিবির, স্বেচ্ছায় রক্তদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এ সময় অন্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেঃ কর্নেল এস এম আবদুল্লাহ পিএসসি, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম চুক্তির একুশ বছর পূর্তির আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতারা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে দ্রুত কার্যকর ও চুক্তির সকল ধারা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। আলোচনায় বক্তারা চুক্তির অগ্রগতিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সরকারের সমালোচনা করেন। রবিবার সকালে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ মিলনায়তনে দলটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুক্তির একুশ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল কুমার চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূ রঞ্জন চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, সুদর্শন চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাকলি খীসা প্রমুখ। এর আগে র্যালি বের করা হয়।
চট্টগ্রাম : খাগড়াছড়ির গুঁইমারায় ২ দিনব্যাপী সম্প্রীতিমেলা শুরু হয়েছে। রবিবার গুঁইমারা রিজিয়ন মাঠে মেলার উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কঞ্জুরি চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল মো. আব্দুল হাই, লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, রুবায়েত মাহমুদ হাসিবসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।
