চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর চার উইকেট হারিয়েছে টাইগাররা। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে সাজঘরে ফিরে গেছেন মুমিনুল হক। ৪ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ।
৫১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভাল শুরু আভাস দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। বিনা উইকেটে ৩১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরেই আউট হন জয়।
দলীয় ৩৭ রানে ৩২ বলে ২৪ রান করে আউট হন জয়। তার বিদায়ের পরই সাজঘরে ফিরে যান আরেক ওপেনার জাকির। ৩৯ বলে ১৯ রান করেন তিনি।
এরপর অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হক মিলে হাল ধরার চেষ্টা করেন। ৪৩ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ৯৪ রানে ৫৫ বলে ২০ রান করে আউট হন শান্ত। তবে একপ্রান্ত আগলে ৫৫ বলে ফিফটি তুলে নেন মুমিনুল।
তবে ফিফটির পরই আউট হন মুমিনুল। এরপর ক্রিজে আসেন লিটন দাস। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ। ১৭ বলে ১৪ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান।
