নির্বাচনী টুকিটাকি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:২২

ধামরাইয়ে নৌকার মাঝি-মাল্লাদের মিলন মেলা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ধামরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ কর্মীসভা শনিবার অনুষ্ঠিত হয়। এটি ছিল নৌকার মাঝি-মাল্লাদের এক মিলন মেলা। ঢাকা-২০ আসনে নৌকার মাঝি পরিবর্তন হয়ে নতুন মাঝি হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ। এমতাবস্থায় সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীরা সমবেত হন একই নৌকার পতাকাতলে। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক নৌকার টিকিট না পেয়েও তার অনুগত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এ  মিলন মেলায় যোগ দেন। উভয় গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা সম্মিলিতভাবে কাজ করে নৌকার বিজয় অর্জনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় ঢুলিভিটা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মিলন মেলায় মিলিত হন। দুই শীর্ষ নেতাসহ সর্বস্তরের আওয়ামী লীগ নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

মাশরাফির পক্ষে লোহাগড়া আওয়ামী লীগের বর্ধিত সভা

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন  প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্তজার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রস্তুত ৭নং লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল রবিবার এ লক্ষ্যে কালনা বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউপি আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত  বর্ধিত সভায় বক্তব্য রাখেন নড়াইল পৌর সভার মেয়র বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হান্নান রুনু, সহ-সভাপতি আজাদুর রহমান শিকদার, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শাহিদুর রহমান, মুনসী আলাউদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বদর খন্দকার, লক্ষ্মীপাশা ইউপির চেয়ারম্যান কাজী বনি আমিন, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল শিকদার, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা দপ্তর সস্পাদক আল-হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুনসি জোসেফ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন শেখ প্রমুখ। সভায় মাশরাফিকে নৌকার মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়।

নেত্রকোনা ২-আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি  নেত্রকোনা ২- আসনের  (নেত্রকোনা-বারহাট্টা) আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সাবেক এমপি  আশরাফ আলী খান খসরু রবিবার সকালে নেত্রকোনায় কর্মরত মিডিয়া কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মোক্তারপাড়াস্থ তার বাসভবনের অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আগামী নির্বাচন যাতে সুষুমভাবে সম্পন্ন হয়, জঙ্গিবাদ  এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মাজাহারুল ইসলাম, গাজী মোজাম্মেল হোসেন টুকু, আতাউর রহমান মানিক, আবুল কাশেম ও সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ আলম।

ময়মনসিংহে জয় বাংলা নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষ শক্ষি ও নৌকাকে জয়ী করতে সংবাদ সম্মেলন করে ময়মনসিংহে জয় বাংলা নাগরিক পরিষদের আত্মপ্রকাশ করেছেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান খান। রবিবার জয় বাংলা নাগরিক পরিষদের সদস্য সচিব প্রকৌশলী নুরুল আমিন কালামের পরিচালনায় সংবাদ সম্মেলনের সংগঠনের যুগ্ম আহ্বায়ক ড. সিরাজুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় জয় বাংলা নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক ডা. হরি শংকর দাস, ডা. এইচ এ গোলন্দাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

জয়পুরহাট-১ আসন কার ভাগ্যে বিএনপি’র  মনোনয়ন!

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আওয়ামী লীগের একক প্রার্থীর সঙ্গে লড়াই করতে বিএনপি’র তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে তিনজনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুইজনকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। দুইজনই মনোনয়ন পাবেন এমন আশায় বুক বাঁধলেও জেলা জুড়ে একই আলোচনা কার ভাগ্যে জুটছে বিএনপি’র মনোনয়ন! একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডল, সহ-সভাপতি ফজলুর রহমান ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে ফজলুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।