মারা গেছেন পার্থ বড়ুয়ার বাবা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৩:২৩

দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলসের গায়ক পার্থ বড়ুয়ার বাবা মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ১টা ১৫ মিনিটের দিকে তার বাবা বিমল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বিমল কান্তি বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া। তিনি জানান, ঢাকার বাসাতেই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেওয়া হচ্ছে।

এছাড়া গায়ক পার্থ নিজেও ফেসবুকের অফিশিয়াল পেজে 'বাবা নাই' লিখে একটি পোস্ট করেছেন।

পার্থ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে। বিমল কান্তি বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই সম্পন্ন হবে বলে জানা গেছে।

এদিকে, গত ১ এপ্রিল রাতে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গিয়েছেন পার্থ বড়ুয়া। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি।

ইত্তেফাক/পিএস