ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরবে হাতের রড খুলতে এসে ভুল চিকিত্সার শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জুয়েল মিয়া (৩৫)। ভুল চিকিত্সায় নিহতের খবরে তার স্বজনেরা হাসপাতালে হামলা ও ভাঙচুর করেছে। বৃহস্পতিবার রাতে শহরের ট্রমা জেনারেল (প্রাইভেট) হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক চিকিত্সককে আটক করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ নামে এক ওয়ার্ডবয় নিজেই একজন অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা পালন করছেন। হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা বসে নির্দেশ দেন আর গৌরাঙ্গ কাজ করেন। ফলে হাসপাতালের অধিকাংশ অপারেশনের সময় ওয়ার্ডবয় গৌরাঙ্গই সব করে থাকেন। গতকাল জুয়েলের বেলায়ও ব্যতিক্রম হয়নি। তাছাড়া যিনি এনেস্থেসিয়া দিয়েছেন, তিনি হলেন ডা. ইমরান। নিহত জুয়েলকে যে এনেস্থেসিয়া প্রয়োগ করার কথা, তা দিতে ডা. ইমরান অপারগতা জানান। কারণ ওই এনেস্থেসিয়া প্রয়োগের জন্য তিনি আনফিট ছিলেন। কিন্তু ওয়ার্ডবয় গৌরাঙ্গের অনুরোধে তিনি এনেস্থেসিয়া দেন। ফলে জুয়েল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গতকাল রড খুলতে শহরের ট্রমা জেনারেল (প্রাইভেট) হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। পরে রড খুলতে তাকে হাসপাতালের ওটিতে (অপারেশন থিয়েটার) নিয়ে যাওয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও জুয়েলের জ্ঞান ফেরেনি। এতে স্বজনদের সন্দেহ হলে ওটিতে গিয়ে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত লোক হাসপাতালে ভিড় করে। একপর্যায়ে উত্তেজিত স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়।
