বিএমএ’র হল অব ফেইমে সেনাবাহিনী প্রধান অভিষিক্ত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:৩৭

সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) হল অব ফেইমে অভিষেক অনুষ্ঠান গতকাল রবিবার চট্টগ্রামের ভাটিয়ারীতে অনুষ্ঠিত হয়। এই অভিষেকের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের অসামান্য কৃতিত্বপূর্ণ কর্মময় জীবন, প্রতিকৃতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য হল অব ফেইমে সন্নিবেশিত করা হয়।

বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে প্রশিক্ষণ ও কমিশনপ্রাপ্ত যে সকল অফিসার স্ব স্ব বাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন ও ভবিষ্যতে হবেন তাদের প্রতিকৃতিসহ কৃতিত্বপূর্ণ কর্মময় জীবনের উল্লেখযোগ্য তথ্য হল অব ফেইমে সংযোজিত হবে। এর মাধ্যমে একাডেমির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে যুক্ত হলো এক নতুনমাত্রা। বর্তমান সেনাবাহিনী প্রধানের অভিষেকের মাধ্যমে হল অব ফেইমের শুভ উদ্বোধন সূচিত হলো।

সেনাবাহিনী প্রধান এরপর বাংলাদেশ মিলিটারি একাডেমির জাদুঘরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।