হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় ছয় মাস সময় ধরে চলা যুদ্ধে কমপক্ষে ৩৩ হাজার ৩৭ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ইসরায়েলে হামলা চালানো ও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেজ বলেছেন, ফিলিস্তিনের গাজায় সংগঠনটির ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাটি ‘ভুল’ ছিল না। এটা ‘পরিকল্পিত’ হামলা। কেননা, ত্রাণকর্মীদের একের পর এক গাড়িতে হামলা চালানো হয়েছে।
জোসে আন্দ্রেজ জানান, ডব্লিউসিকের ত্রাণকর্মীদের গতিবিধি আগে থেকেই ইসরায়েলি বাহিনীকে জানানো হয়েছিল।
গত সোমবার গাজার দেইর আল–বালাহ এলাকায় ডব্লিউসিকের ত্রাণকর্মীদের ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ যায় সাতজনের। নিহত ব্যক্তিদের মধ্যে ফিলিস্তিনি ছাড়াও যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিক এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিক রয়েছেন।
এ হামলাকে ‘গুরুতর ভুল’ বলে দুঃখপ্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সরকার প্রতিশ্রুতি দিয়েছে, হামলার ঘটনা ‘স্বাধীনভাবে’ তদন্ত করা হবে।
