বামদের হরতালে বিএনপির সমর্থন

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২১:৫৩

গ্যাসের মূল্যবৃদ্ধি

ইত্তেফাক রিপোর্ট

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কর্মসূচিকে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। বৈঠকে মহাসচিব ছাড়াও ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয় স্থায়ী কমিটি মনে করে গ্যাসের মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। শুধু দুর্নীতির যে ধাপগুলো আছে বিশেষ করে গ্যাস ও জ্বালানি তেল সংক্রান্ত এসবকে অর্থায়ন করার জন্যই মূলত গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের এই মূল্যবৃদ্ধির ফলে সমগ্র অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এবং সেটা অর্থনীতি ক্ষতিগ্রস্ত করবে বলে স্থায়ী কমিটি মনে করে। বিএনপি মহাসচিব বলেন, জনগণের সর্বস্তর থেকে এই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ হয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে, নিন্দা ও প্রতিবাদ করেছে। কিন্তু সরকার এটাকে মেনে নেয়নি অর্থাত্ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করেনি।