চোখের নিচে কালো দাগ

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২১:৫৩

ডা. তানজিয়া নাহার তিনা

মুখমণ্ডলের স্পর্শকাতর ও মোহনীয় অংশ দুটি চোখ। আর চোখের নিচের কালো দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। একটু সচেতনতা ও বাড়তি যত্নই পারে এ সমস্যা দূর করতে। অনেকগুলো কারণের মধ্যে রাতে পরিমিত ঘুমের অভাব-ই হচ্ছে চোখের নিচে কালো দাগের অন্যতম প্রধান কারণ। এছাড়া দুশ্চিন্তা, অনিয়মিত খাদ্যাভ্যাস, হরমোনাল পরিবর্তন, রোদেপোড়া, অ্যালার্জি, কিংবা জেনেটিকাল কারণ থেকেও হতে পারে এ কালো দাগ।

সাধারণত চোখের নিচে কালো দাগ ধীরে ধীরে তৈরি হয়। আর এটি নির্মূল ও বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সবার প্রথমে পরিমিত ঘুম নিশ্চিত করা প্রয়োজন। রাত জাগার অভ্যাস ত্যাগ করলে ধীরে ধীরে উপকার পাওয়া যায়। পাশাপাশি দুশ্চিন্তা যতদূর সম্ভব পরিহার করা প্রয়োজন। অনেক সময় অ্যালার্জির কারণে চোখে চুলকানি হয় এবং কালো দাগ পড়তে শুরু করে। এক্ষেত্রে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়া চোখের চারপাশে ব্যবহূত মেকআপ সামগ্রী খুব যত্ন সহকারে পরিষ্কার করতে হবে। চোখের কালো দাগ দূরীকরণে কিছু অ্যান্টিডার্কসারকেল ক্রিম চিকিত্সকগণ ব্যবহার করে থাকেন। এছাড়া ডায়মন্ড পিলিং, পিআরপি থেরাপিও ব্যবহার করা হয়।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ