মাসসেরার দৌড়ে এগিয়ে বাংলাদেশকে হারানো কামিন্দু-গার্ডনার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৩:১৫

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন কামিন্দু মেন্ডিস। সিলেট টেস্টে একই ম্যাচের দুই ইনিংসে করেছেন সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই লঙ্কান ব্যাটিং অলরাউন্ডার। গতকাল এক বিবৃতিতে মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। 

পুরুষদের মধ্যে এই তালিকায় জায়গা পাওয়া তিন ক্রিকেট হলেন—শ্রীলঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস, নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি এবং আয়ারল্যান্ডের বোলার মার্ক অ্যাডায়ার। এ দিকে বাংলাদেশ নারী দলকে হারানো অজি অলরাউন্ডার অ্যাশ গার্ডনারও এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

গেল মাসে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। তখন ষষ্ঠ উইকেটে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ২০২ রানের জুটি গড়েছিলেন কামিন্দু। সেইসঙ্গে তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক। প্রথম ইনিংসে ১০২ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস। যা লঙ্কানদের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এছাড়াও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৭ বল খেলে ৩৭ রান করেছিলেন এই লঙ্কান অলরাউন্ডার। যা সেই ম্যাচে লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস। কামিন্দু ছাড়াও মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কিউই পেস বোলার ম্যাট হেনরি। গেল মাসে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলে নিউজিল্যান্ড। যদিও সেই সিরিজের কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি স্বাগতিকরা। 

তবে সেখানে বল হাতে উজ্জ্বল ছিলেন কিউই পেসার ম্যাট হেনরি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৭ রান খরচা করে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন দুই উইকেট। এছাড়াও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে অজিদের বিপক্ষে তুলে নেন তিন উইকেট। এই দুই ম্যাচে মোট ১৭ উইকেট শিকার করার পাশাপাশি সেই সিরিজে ব্যাট হাতে ১০১ করেন করে সিরিজ সেরা নির্বাচিত হন এই কিউই পেসার। তালিকায় স্থান পেয়েছেন তরুণ আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার। 

গেল মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে আয়ারল্যান্ড। সেই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে আফগানদের ছয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে আয়ারল্যান্ড। আফগানদের বিপক্ষে ঐ টেস্ট ম্যাচে জয়ের মধ্যে দিয়ে ক্রিকেটের এই রাজকীয় ফরম্যাটে প্রথম বারেরমতো জয়ের দেখা পায় আয়ারল্যান্ড। সেই ম্যাচে বল হাতে আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৯ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে তুলে নেন তিন উইকেট। মূলত তার অসাধারণ বোলিংয়ে গুঁড়িয়ে যায় আফগানদের ব্যাটিং লাইন আপ। এছাড়াও আফগানদের বিপক্ষের সিরিজে সাদা বল এবং লাল বলের ম্যাচ মিলিয়ে মোট ১৬ উইকেট শিকার করেছিলেন মার্ক অ্যাডায়ার। 

অন্যদিকে গতকাল পুরুষদের পাশাপাশি নারীদের মার্চ মাসসেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় স্থান পেয়েছেন অজি অলরাউন্ডার অ্যাশ গার্ডনার, ইংলিশ ব্যাটার মাইয়া বাউচিয়ার এবং কিউই অলরাউন্ডার অ্যামেলিয়া কের। পুরুষ ও নারীদের এই তালিকা থেকে আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে মাসেরসেরা ক্রিকেটারকে। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

ইত্তেফাক/জেডএইচ