যাদের দিয়ে ভোট কাটা যায় তাদের জন্য বাজেট :নজরুল

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যাদের দিয়ে রাতের অন্ধকারে ভোট কাটা যায়, যাদের দিয়ে ভোট কেন্দ্র দখল করা যায়, যাদের দিয়ে নির্বাচনে জয়ী হওয়া যায়, ক্ষমতালোভী সরকার তাদের জন্য বাজেটে বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষ এ সরকারের বিবেচনায় নেই। কারণ সাধারণ মানুষের ভোট তো এ সরকারের প্রয়োজন হয় না। ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতেই হয়ে যায়। তাহলে মানুষকে খুশি করার কি দরকার? যারা ফুটপাতে ঘুমায়, যারা ছোটো ব্যবসা করে, ছোটো চাকরি করে, যারা সাধারণ মানুষ তাদের জন্য বাজেটে কোনো বরাদ্দ নেই।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গ্যাসের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

তিনি বলেন, যারা গ্যাস দিয়ে কারখানা চালায় তারা ব্যবসা করতে পারবে না। কারণ গ্যাসের দাম ৪৪ পারসেন্ট বেড়ে গেছে। আর যদি গ্যাস কিনে ব্যবসা করতে হয় উত্পাদিত পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাবে। সেটাও এসে সাধারণ মানুষের ওপর পড়বে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় আরো বক্তব্য দেন—বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা ও মহিলা দলের নেত্রী অপর্ণা রায় প্রমুখ।