বর্তমানে রান খরায় ভুগছেন লিটন দাস। ফর্মহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দৃষ্টিকটু এক শট খেলে আউট হয়ে সমালোচনার শিকার হন তিনি। এরপর ব্যর্থ হন চট্টগ্রাম টেস্টেও। এতে হতাশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটনকে নিয়ে লিপু বলেন, 'আমাদের হাতে যদি পর্যাপ্ত অভিজ্ঞ খেলোয়াড় থাকত, প্রথম জিনিস হচ্ছে তার (লিটন) বিকল্প হিসেবে কাউকে নিতে পারেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে খেলোয়াড়ের এতো ভালো রেকর্ড... রেকর্ড আমাদেরকেও দেখতে হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।'
তিনি আরও বলেন, 'আমাদের কিছুটা আস্থা ছিল সে তার (লিটন) অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর। আমরা চাচ্ছিলাম যে কিছু অভিজ্ঞতা থাকুক। সাকিব ফিরে এসেছে, মুশফিক যেহেতু নেই অভিজ্ঞতার যে দরকার আছে সেটা দেখতে পাচ্ছেন। অভিজ্ঞরা যদি অভিজ্ঞতার আলোকে ক্রিকেট খেলতে না পারে তাহলে দল বেশিদূর এগোতে পারে না।'
