সাভারের কাউন্দিয়া থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) সকালে দক্ষিণ কাউন্দিয়ার ডিপজল প্লটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন—ভোলা সদর উপজেলার কালিপুর গ্রামের আ. খালেকের মেয়ে রোজিনা আক্তার (২৫) ও তার বড়ো বোন রেহেনা আক্তার শিল্পী (৩৫)। তারা দক্ষিণ কাউন্দিয়ার ডিপজল প্লটের তহুরা বেগমের বাসার ভাড়াটিয়া।
কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন হাওলাদার জানান, কাউন্দিয়ার মেলারটেক এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে নারী কনস্টেবল দিয়ে তাদের উভয়ের দেহ তল্লাশি করলে রোজিনা আক্তারের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও রেহেনা আক্তার শিল্পীর কাছ থেকে ৫৫ পিস ইয়াবাসহ মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রোজিনা ও রেহেনা দীর্ঘদিন ধরে সাভার থানা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকের ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু হয়েছে।
