সিলেট অফিস
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট হাইস্কুলে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছেন ঐ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা। শুক্রবার বিকাল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ঐ বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁরা বলেন, এমন অন্যায় মেনে নেওয়া যায় না। বখাটে যুবকের উপযুক্ত শাস্তি দিতে হবে।
বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাহিরপুর সমিতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. আলী হায়দারের সভাপতিত্বে ও কাসমির রেজার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, সিলেট মহানগর শাখার সভাপতি বাহারউদ্দিন আখন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, সিলেট জেলার সভাপতি জ্যোতিষ মজুমদার, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক পরিষদের সভানেত্রী নাদিরা সুলতানাসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
